দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে বড় পরিসরের অর্থায়ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এরই অংশ হিসেবে মোট ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের আওতায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার বিভিন্ন অর্থায়ন প্যাকেজ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে প্রাথমিকভাবে সাতটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠিত হয়।
চুক্তিতে অংশ নেওয়া সাতটি ব্যাংক হলো- সোনালী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ তহবিল বন্ধ শিল্প ও সেবা খাতে প্রাক-অর্থায়ন, সিএমএসএমই খাতের উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও পল্লী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গে কৃষি হাব গঠনে ব্যবহৃত হবে। এ তহবিল পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে।
বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৫ হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের পুনঃঅর্থায়ন স্কিমে ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রাখা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান এবং ব্যাংকগুলোর পক্ষে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তহবিলটির গুরুত্ব ও এর নানামুখী ভূমিকা তুলে ধরেন। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার এ তহবিল উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রবাহিত করার পাশাপাশি প্রাক-অর্থায়ন ও পুনঃঅর্থায়নের মাধ্যমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ উদ্যোগ বাস্তবায়নে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
কেএম